রাজস্থলী প্রতিনিধি
আনন্দ-উৎসব আর হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।
এবারে রাজস্থলী উপজেলার ৪টি পূজামণ্ডপে কোনধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাঁকজমকপূর্ণ পরিবেশে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মণ্ডপগুলো ছিল বর্ণিল সাজে সজ্জ্বিত, যেখানে প্রতিদিন ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। নানা বয়সী মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নতুন পোশাকে সেজে পূজা মণ্ডপগুলোতে আনন্দ ভাগাভাগি করে নেন।
বিজয়া দশমীর দিনে দুটি মণ্ডপের প্রতিমা ট্রাকে করে কর্ণফুলী নদীর ঘাটে এবং দুটি পূজামণ্ডপের প্রতিমা স্থানীয় পুকুরে ঢাক-ঢোল আর উলুধ্বনি বাজিয়ে ভক্তরা "দুর্গামা কি জয়" ধ্বনি দিতে দিতে প্রতিমা বিসর্জন দেন।
রাজস্থলী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, এবারে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত। তারা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ এবং স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উৎসবের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে তারা মনে করেন।
রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুল হক জানান, সনাতন সম্প্রদায়ের পাঁচদিনের এই উৎসবকে আনন্দঘন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজস্থলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ভিডিপিসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় টিম মোতায়েন করা হয়। কোনধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই উৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |