এম সুজন, নানিয়ারচর
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পুনঃর্নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিল নানিয়ারচর সেনা জোন।
সম্প্রতি সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর অংশ হিসেবে নানিয়ারচর জোনের তত্ত্বাবধানে বাকছড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন বিতরণ করা হয়। আগুনে তাদের ঘরবাড়ি পুড়ে যাওয়ার কারণে পরিবারগুলো মারাত্মক মানবিক সংকটে পড়ে—সে পরিস্থিতি থেকে পুনরায় ঘর নির্মাণে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করে সেনাবাহিনী।
অনুষ্ঠানে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো মশিউর রহমানের সার্বিক দিকনির্দেশনায় বাকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মূহীব মাসরুর চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে টিনগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় ক্যাম্প কমান্ডার বলেন, সেনাবাহিনী দেশের প্রতিটি জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
টিন পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগুনে সব হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। সেনাবাহিনীর এই সহায়তা তাদের নতুন করে ঘর তুলতে সাহস জোগাবে।
স্থানীয়রা জানান, সেনা জোনের এমন উদ্যোগ দুর্গম এলাকার মানুষকে শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও শক্তি জোগায়। এ ধরনের মানবিক কার্যক্রম এলাকায় সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়তা করছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |