Logo
| বঙ্গাব্দ

লক্ষীছড়িতে নির্মাণাধীন সড়ক নিয়ে দুর্ভোগে এলাকাবাসী

  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 844 বার পঠিত
লক্ষীছড়িতে নির্মাণাধীন সড়ক নিয়ে দুর্ভোগে এলাকাবাসী
রিপোর্টারঃ N/A
রমজান আলী জিসান

লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের মগাইছড়ি বাজার থেকে ইসলামপুর (উত্তর পাড়া) পর্যন্ত সড়কের নির্মাণকাজ দুই বছরেও শেষ হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।

জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দীর্ঘ ‘মগাইছড়ি বাজার থেকে ইসলামপুর (উত্তর পাড়া)’ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কেবল মাটি খননের পর কাজ ফেলে রেখেছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তার পাশের মাটি সরে গিয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। শুকনো মৌসুমে ধুলাবালিতে জনজীবন অতিষ্ঠ, আর বৃষ্টির সময় কাঁদায় পিচ্ছিল হয়ে পড়ে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আবু হানিফ  জানান, দীর্ঘদিন ধরে সড়কের একই অবস্থা। এতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং রোগী পরিবহনে মারাত্মক সমস্যা হচ্ছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও বয়স্কদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, বর্ষায় সড়কটি একেবারে অচল হয়ে পড়ে। কাঁদায় গাড়ি চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। আবার ধুলাবালির কারণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যাও দেখা দিচ্ছে।”

দুল্যাতলী ইউনিয়নের সদস্য দেলোয়ার ফরাজি বলেন, “দুই বছরের বেশি সময় ধরে মানুষ এই সড়ক নিয়ে দুর্ভোগে রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এ পথে চলাচল করে, কিন্তু কাজ বন্ধ থাকায় সবাই ভোগান্তিতে পড়েছে।”

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক জেলার বড় এক রাজনৈতিক প্রভাবসালী ব্যক্তির আত্মীয় হওয়ায়, তার সাথে কথা বলার সাহস পান না কেউ, ও তাছাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে রেখেছে। নির্মাণকাজেও অনিয়মের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে লক্ষীছড়ি উপজেলা এলজিইডি কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে সংযোগ পাওয়া যায়নি।

এদিকে দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়