মেহেরাজ সুজন, নানিয়ারচর
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ প্রকল্প (PVAWG-CHT) এর আওতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে একটি প্রারম্ভিক কর্মশালা।,
মঙ্গলবার উপজেলার হর্টিকালচার সেন্টার কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নারী শিক্ষা, অগ্রগতি ও ক্ষমতায়নের জন্য শিক্ষা সংস্থা (WEAVE)। প্রকল্পটি নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতিসংঘ ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
এসময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, WEAVE প্রকল্পের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ সুগন্ধি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান ও কার্বারিগণ।
প্রকল্পের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন WEAVE-এর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা – প্রকল্প সমন্বয়কারী সুকান্ত চাকমা, মনিটরিং অফিসার ওহিনসুই রোয়াজা, প্রোগ্রাম অফিসার ও প্রশিক্ষক রুনু চাকমা, কমিউনিটি মোবিলাইজার ম্যামাচিং চৌধুরী ও তুনিকা খীসা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের আওতায় মোট ২৬টি পাড়ায় ২৬টি কমিউনিটি লার্নিং সেন্টার (CLC) প্রতিষ্ঠা করা হবে, যার মাধ্যমে কিশোরীদের জন্য জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সেবা ও সচেতনতা প্রদান করা হবে।
প্রকল্পের মূল লক্ষ্য হলো রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের ১০ থেকে ২৫ বছর বয়সী কিশোরী ও যুব নারীদের গার্হস্থ্য সহিংসতা, যৌন সহিংসতা, বাল্যবিবাহ এবং ক্ষতিকর সামাজিক প্রথার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে সুরক্ষা দেওয়া এবং তাদের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ পরিমণ্ডল সৃষ্টি করা।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। এই প্রকল্প জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |