জাকির হোসেন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল (খাগড়াছড়ি ব্রাঞ্চ)-এর উদ্যোগে উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, দুর্ঘটনা বা অসুস্থতার সময় তাৎক্ষণিক করণীয়, অজ্ঞান বা আহত ব্যক্তিকে উদ্ধার পদ্ধতি, ব্যান্ডেজ ও পট্টির ব্যবহার, রক্তপাত বন্ধের কৌশলসহ বিভিন্ন বাস্তবধর্মী বিষয় হাতে-কলমে শেখানো হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন দীঘিনালা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের প্রশাসন ও সদস্য সংগ্রহ বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম ফাহিম এবং প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান মো. ইসমাইল হোসেনসহ দলের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবো প্রিয় বড়ুয়া সভাপতির বক্তব্যে বলেন, “এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক ও সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে। দুর্ঘটনার সময় তাৎক্ষণিক সেবাদান ও সচেতনতার মাধ্যমে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা-১ দুর্জয় বড়ুয়া। তিনি বলেন, “যুব রেড ক্রিসেন্টের লক্ষ্যই হলো তরুণদের মানবতার সেবায় প্রস্তুত করা। আজকের প্রশিক্ষণ সেই লক্ষ্য পূরণেরই একটি ধাপ।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবায় দক্ষতা অর্জন করে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |