হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাজারের গ্যাসের দোকান, মুদি দোকান, সবজি বাজার, কাঁচামালের দোকান, মাছের দোকান ও ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘মনি ফার্মেসী’ এবং সবজি বিক্রেতা ‘সুজন বড়ুয়াকে’ ১হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেন। তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..