পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি আর সহ্য করা হবে না। আমরা এখন নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক মনে করি। আমি ও আমরা সেবক হিসেবে জনগণের সেবা দিতে চাই। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা হবে। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো বৈষম্য ছাড়াই সমতার ভিত্তিতে এলাকাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
সভায় উপস্থিত সাংবাদিকরা পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, ক্রিড়া ও পর্যটনবিষয়ক বিভিন্ন সমস্যা, প্রাতিষ্ঠানিক অনিয়ম, সরকারের উন্নয়ন পরিকল্পনার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা।
এ জাতীয় আরো খবর..