রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নম্বর পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিদ্যালয়ের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। জনমানবহীন এলাকায় স্কুলটি অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
প্রাথমিক তথ্যানুযায়ী, আগুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ কয়েকটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুলের মূল্যবান আসবাবপত্র, কম্পিউটার এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কিছু তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিশান্ত বড়ুয়া জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নাম্বার ১০২ থেকে প্রাপ্ত কলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও তার আগেই বিদ্যালয়ের ছয়টি কক্ষ পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপম করা যায়নি।
কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, অগ্নিকান্ডে বিদ্যালয়ের অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মেরামত করে পুরনায় পাঠদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ জাতীয় আরো খবর..