হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজস্থলী উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে এই বাছাই পর্ব সম্পন্ন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৪ বছরের কিশোর কিশোরীদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, দাবা ব্যাডমিন্টন, সাঁতারসহ ৮টি ইভেন্টে রেজিষ্ট্রেশনকৃত ক্ষুদে খেলোয়াড়েরা এই বাছাই পর্বে অংশগ্রহণ করে।
এসময় পুরো বাছাই পর্ব তদারকি করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা, সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমা, খাদ্য গুদামে ওসিএলএসডি আশিষ ভৌমিক প্রমুখ।
বাছাই পর্বে মূল ভুমিকায় ছিলেন রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রাজু আহমেদ, ইউএনও অফিসের সিএ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই ‘নতুন কুঁড়ি’ বাছাইয়ের আয়োজন করা হয়েছে। এখান থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে রাজস্থলী উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
এ জাতীয় আরো খবর..