Logo
| বঙ্গাব্দ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীনতার প্রশ্নে নীরব বাস্তবতা

  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 5407 বার পঠিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীনতার প্রশ্নে নীরব বাস্তবতা
রিপোর্টারঃ N/A
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো এবারও দিবসটি নানা আয়োজন, আলোচনা আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে পালিত হচ্ছে। কিন্তু দিবসটির তাৎপর্যের আড়ালে একটি মৌলিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আমাদের দেশের গণমাধ্যম কি সত্যিই স্বাধীন?

গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম ও অন্যায় তুলে ধরাই এর প্রধান দায়িত্ব। কিন্তু বাস্তব চিত্র বলছে, এই দায়িত্ব পালনের পথে প্রতিনিয়ত বাঁধার সম্মুখীন হচ্ছেন সংবাদকর্মীরা। রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ এবং ক্ষমতাবান মহলের অদৃশ্য নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই সাংবাদিকতার স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দিচ্ছে।

মাঠ পর্যায়ে কাজ করা একজন সংবাদকর্মী হিসেবে, সত্য প্রকাশের চেষ্টা করতে গিয়ে তারা নানা ধরনের হুমকি, চাপ ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। কখনো সরাসরি বাঁধা, কখনো পরোক্ষ ইঙ্গিত—সব মিলিয়ে তৈরি হয় এক অদৃশ্য বেড়াজাল। ফলে অনেক গুরুত্বপূর্ণ সত্য চাপা পড়ে যায়, আর জনগণের সামনে পৌঁছে যায় অসম্পূর্ণ, অর্ধসত্য কিংবা বিকৃত তথ্য।

তবে এই বাস্তবতার পেছনে রয়েছে মানবিক দিকও। একজন সাংবাদিক শুধু পেশাজীবী নন—তিনি একজন পরিবারের সদস্য, একজন সন্তানের অভিভাবক। নিজের ও পরিবারের নিরাপত্তার প্রশ্নে অনেক সময় সত্য বলার সাহস হারিয়ে যায়। এ এক কঠিন বাস্তবতা, যা অস্বীকার করার সুযোগ নেই।

আমি মনে করি, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া একটি সুস্থ, গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। কারণ, সত্য প্রকাশের পথ বন্ধ হয়ে গেলে জবাবদিহিতা দুর্বল হয়ে পড়ে, আর অন্যায়-অবিচার বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।

এদিকে সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষের কণ্ঠস্বরও অনেক সময় অশ্রুত থেকে যায়। উন্নয়ন, সংস্কার ও মানবিক উদ্যোগের অনেক গল্প আলোচনার বাইরে থেকে যায় শুধুমাত্র সঠিকভাবে তুলে ধরার সুযোগ না পাওয়ায়।

এই প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাই। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আজকের এই দিনে আবারও উচ্চারিত হচ্ছে সেই চিরন্তন প্রশ্ন—আমাদের সংবাদকর্মীরা কি সত্যিই মুক্ত?

হাছান আল-মামুন

গণমাধ্যমকর্মী, খাগড়াছড়ি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়