Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 28-05-2025 ইং
  • 455031 বার পঠিত
খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে জেলা সদরের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি সমন্বয় কমিটির আহ্বায়ক মো. শহীদুল ইসলাম সুমন ও ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা।

এছাড়াও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পুষ্টিবিদ, স্বাস্থ্য কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ, শিক্ষক, মিডিয়াকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “দেশে এখনো শিশুর অপুষ্টি, রক্তস্বল্পতা ও খাদ্যনির্ভর নানা স্বাস্থ্য সমস্যা বিরাজমান। সচেতনতা, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যশিক্ষার মাধ্যমে এসব সমস্যা মোকাবেলা সম্ভব।”

আলোচনায় উঠে আসে, প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি উপাদানসমৃদ্ধ খাবারের গুরুত্ব। বিশেষ করে গর্ভবতী নারী, কিশোরী এবং শিশুর জন্য সুষম খাদ্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিশেষজ্ঞরা তুলে ধরেন, কোন খাবারে কী ধরনের পুষ্টিগুণ থাকে। স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাবারের ব্যবহার বাড়ানোর উপায়, শক্তি ও বৃদ্ধি বৃদ্ধিকারী খাবারের তালিকা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খাদ্যাভ্যাসের প্রভাব।

সভা শেষে জানানো হয়, পুষ্টি সপ্তাহ ৩ জুন ২০২৫ পর্যন্ত চলবে, যার আওতায় জেলার বিভিন্ন স্থানে স্কুলভিত্তিক ক্যাম্পেইন, ফুড ডেমোনস্ট্রেশন, সচেতনতামূলক প্রচারাভিযান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই আয়োজন পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়