হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) নির্বাচিত হয়েছেন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন বেল্লাল। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, প্রশাসনিক দক্ষতা এবং বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভুঁইয়া।
পুরস্কার গ্রহণের পর মোঃ হোসেন বেল্লাল বলেন, এই অর্জন আমার একার নয়, এটি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আরও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমাসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..