লোকমান হাকিম, রুমা
বান্দরবানের রুমা উপজেলায় বাজার ফান্ডের ইজারাদারের বিরুদ্ধে বেআইনি ও অতিরিক্ত টোল-ট্যাক্স আদায়ের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রুমা বাজারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ড কর্তৃপক্ষের অনুমোদিত ইজারাদার মোহাম্মদ খালেদ বিন মাহাবুব সম্প্রতি রুমা বাজারের বাহিরে বিভিন্ন পয়েন্টে বেআইনিভাবে টোল-ট্যাক্স আদায় করছে। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগ করার পরও জেলা পরিষদ বাজার ফান্ড কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
কৈক্ষ্যংঝিরি বাজারের ব্যবসায়ী মো. খালেক মেম্বার অভিযোগ করে বলেন, কৈক্ষ্যংঝিরি বাজার জেলা পরিষদের অধীন নয়, তবুও বটতলী, আমতলী ও বাগানপাড়াসহ বিভিন্ন স্থানে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে। গত ২ ও ৩ সেপ্টেম্বর রুমা উপজেলার সীমানার বাইরে রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজারে তার ব্যবসায়িক ট্রাক থেকে মোট ৩ হাজার ৫শ টাকা আদায় করা হয়েছে। প্রমাণ হিসেবে তিনি দুটি রশিদ প্রদর্শন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন রুমা বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিছ মিয়া, মোহাম্মদ বাবুল এবং কৈক্ষ্যংঝিরি বাজারের ব্যবসায়ী নেতা মোহাম্মদ খালেদসহ অনেকে।
বক্তারা বলেন, ইজারাদার কর্তৃপক্ষের অনুমোদিত পরিমাণের বাইরে ইচ্ছেমতো টোল আদায়ের অধিকার রাখেন না। অবিলম্বে এ অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দাবি জানান, অবৈধ টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
সমাপনী বক্তব্যে মো. ইদ্রিছ মিয়া বলেন, রুমা বাজার সেড দীর্ঘদিন ধরে একটি কুচক্রী ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের সম্পদ হিসেবে দখল করে রেখেছে। ফলে দূর-দূরান্ত থেকে শাকসবজি ও ফলমূল নিয়ে আসা নারী বিক্রেতারা বাজার সেডে জায়গা না পেয়ে রাস্তার ধারে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তারা একদিকে ঝড়-বৃষ্টিতে ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে দোকানদারদের অশালীন আচরণের সম্মুখীন হচ্ছেন। তিনি বাজার শেডের দোকানগুলোকে নিয়মের আওতায় আনার জন্য এবং সকলের ভোগান্তি দূরীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |