পানছড়ি প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির সীমান্তঘেঁষা উপজেলা পানছড়িতে বিদ্যুৎ সরবরাহ ও বিল সংক্রান্ত অনিয়মকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যুৎ গ্রাহকদের ব্যাপক অসন্তোষ থেকে পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা মিটার রিডিংয়ের তুলনায় অতিরিক্ত বিল, অবৈধ সংযোগ, নতুন সংযোগে অতিরিক্ত টাকা আদায় এবং কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তোলেন।
অফিসে আসার পর দায়িত্বপ্রাপ্ত সহকারী আবাসিক প্রকৌশলী মীর চঞ্চল আলীকে ঘেরাও করে বিক্ষোভকারীরা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনা সদস্যরা হস্তক্ষেপ করে। সেনা সাব-জোন কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ শোনেন এবং লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেন। পাশাপাশি তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
পানছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতায় প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ব্যবহারকারী অন্তর্ভুক্ত। পানছড়ি সদর ছাড়াও জগত মোহনপাড়া, দুধুকছড়া, লোগাং, তারাবন, চেঙ্গী, দমদম অক্ষয়পাড়া, লতিবান, পাইয়ংপাড়া, মরাটিলা, মাটিরাঙ্গার যামিনী পাড়া, তাইন্দং, তানৈক্যপাড়া, নোয়াপাড়া প্রভৃতি এলাকায় বিদ্যুৎ গ্রাহকরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় গ্রাহক সন্তোষ চাকমা, আব্দুল আলী, আব্দুল খালেক, জহর লাল চাকমা ও চিজি মনি ত্রিপুরা জানান, “বিদ্যুতের বিল সংক্রান্ত অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে। একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন হলেও কোনো সমাধান হয়নি। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে আরও কঠোর আন্দোলনে নামতে হবে।”
এর আগে গত ২০ জুলাই ২০২৫ তারিখেও একই অভিযোগে বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিলেন। তখন থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |