Logo
| বঙ্গাব্দ

পিরআর পদ্ধতিতে নির্বাচনের দাবি— খাগড়াছড়িতে জামায়াতের সমাবেশ

  • আপডেট টাইম : 26-09-2025 ইং
  • 300583 বার পঠিত
পিরআর পদ্ধতিতে নির্বাচনের দাবি— খাগড়াছড়িতে জামায়াতের সমাবেশ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

“আগামী জাতীয় নির্বাচন হবে পিআর (Proportional Representation) পদ্ধতিতেই”— এমন ঘোষণা দিয়ে খাগড়াছড়ি-২৯৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার সুযোগ থেকে যাবে। নির্বাচনের আগেই এ সনদ বাস্তবায়ন করতে হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ারে “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে” জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “দেশে যেন আর কখনো দুর্নীতি না ঘটে, দিনের ভোট রাতে ফেরত না আসে— সেই নিশ্চয়তার জন্যই পিআর পদ্ধতি জরুরি। পিআর পদ্ধতি এতটাই সহজ যে, একটি ছোট শিশু পর্যন্ত বুঝতে পারে। তাহলে বিএনপি কেন বুঝতে পারছে না? আসলে পিআর ব্যবস্থাকে ভয় পেয়ে তারা জনপ্রিয়তা হারানোর আতঙ্কে হতাশায় ভুগছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন জনগণের চাওয়ার ভিত্তিতেই হতে হবে। জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। যারা জনগণের রায়কে ভয় পায়, তারা গণতন্ত্রকেও ভয় পায়।”

সমাবেশ থেকে নির্বাচনপূর্ব ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ পিআর পদ্ধতিতে ভোট আয়োজনের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এ দাবিগুলো বাস্তবায়িত হলে দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে চেঙ্গী স্কোয়ারে মিলিত হয়। সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে সমাবেশে রূপ নেয়। “জুলাই সনদ বাস্তবায়ন করো”, “পিআর ভোট চাই”, “গণতন্ত্রের বিজয় চাই”— এমন স্লোগানে মুখরিত হয় পুরো সমাবেশস্থল।

জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আমীর মো. ইলিয়াছ ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়