Logo
| বঙ্গাব্দ

দুর্গাপূজার ভাবনায় কৃষকের জীবন ধারা, নজর কাড়ছে সকলের

  • আপডেট টাইম : 28-09-2025 ইং
  • 357128 বার পঠিত
দুর্গাপূজার ভাবনায় কৃষকের জীবন ধারা, নজর কাড়ছে সকলের
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক এলাকায় অবস্থিত মা ভবানী একতা সংঘ এবারের শারদীয় দুর্গোৎসবে আয়োজন করেছে এক ব্যতিক্রমী পু‌জো মণ্ডপ। প্রতি বছরই সংগঠনটি নানা অভিনব নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে, তবে এবারের আয়োজন সবকিছুকেই ছাড়িয়ে গেছে।

এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘কৃষকের জীবনধারা’। আয়োজকরা জানিয়েছেন, কৃষি ও কৃষকের জীবন নিয়ে সমাজে যে সম্মান ও সচেতনতার ঘাটতি রয়েছে, তা পূরণের লক্ষ্যেই এই থিম গ্রহণ করা হয়েছে।

মণ্ডপের নকশায় প্রতিফলিত হয়েছে ধানের ক্ষেত, কাশফুল, মাটির ঘর, লাঙ্গল-কোদালসহ কৃষকের জীবনের নিত্যচিত্র। দেবী দুর্গার সঙ্গে সন্নিবেশিত হয়েছে কৃষকের পরিশ্রম ও সংগ্রামের প্রতীকী উপাদান। মণ্ডপের ভেতর ও বাইরে রয়েছে কৃষকের কাঁধে ধান বহন, ক্ষেতের পাশে নারীদের ঝুড়ি নিয়ে হাঁটা, গ্রামের রাস্তা ও হাটবাজারের দৃশ্য—যা দর্শনার্থীদের গ্রামীণ জীবনের আবহ অনুভব করাবে।

এই মণ্ডপটি নির্মাণ করছেন রাঙ্গুনিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা দক্ষ শিল্পীরা। চট্টগ্রা‌মের প্রখ্যাত প্রতিমা শিল্পী রতন কৃষ্ণ পাল বলেন, “আমরা চেষ্টা করছি কৃষকের জীবনযাত্রার প্রতিটি উপাদান বাস্তবের মতো ফুটিয়ে তুলতে। দর্শনার্থীরা যেন মণ্ডপে ঢুকেই গ্রামীণ জীবনের আসল আবহ অনুভব করতে পারেন।”


পাঁচ দিনব্যাপী পূজায় থাকবে আরতি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজন। ইতিমধ্যেই দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা মণ্ডপ দেখতে আসা শুরু করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক দল ও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য আলাদা বিশ্রামকেন্দ্র ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

মা ভবানী একতা সংঘের সভাপতি কেশব সাহা বলেন, “আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো কৃষকের জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা জানানো। আমরা চাই মানুষ বুঝুক যারা মাঠে কাজ করে আমাদের খাদ্য যোগান দেয়, তাদের অবদান কতটা অমূল্য। দুর্গাপূজার মতো সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এই বার্তাকে ছড়িয়ে দিতে পারে।”

সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ সাহা বলেন, “ধর্মীয় অনুষ্ঠান হলেও আমরা চাই এই পূজা আমাদের এলাকার সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হয়ে উঠুক। কৃষকের জীবনধারা থিমের মাধ্যমে আমরা গ্রামীণ সংস্কৃতির সৌন্দর্যও তুলে ধরছি।”

দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মা ভবানী একতা সংঘের এই উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার মানুষদেরও আকৃষ্ট করেছে। আয়োজকরা আশা করছেন, এবারের শারদীয় দুর্গোৎসবের এই ব্যতিক্রমী থিমভিত্তিক মণ্ডপ দর্শনার্থীদের কাছে সম্প্রীতি, সৌহার্দ্য আর গ্রামীণ জীবনের বাস্তবচিত্র উপহার দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়