বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়কে অভিযান চালিয়ে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় অবৈধভাবে মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে পেট্রোল পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে উগলছড়ি এলাকার একটি সড়কের ওপর একটি সন্দেহজনক ব্যারেল দেখতে পায় টহল দল। এ সময় অজ্ঞাত পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ২০০ লিটার ধারণক্ষমতার একটি পেট্রোলের ব্যারেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যারেলটি উদ্ধার করে।
জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য প্রায় ২৮ (আঠাশ) হাজার টাকা বলে জানানো হয়েছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করে তাদের তৎপরতা বাড়িয়েছে। এসব প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে।
এ জাতীয় আরো খবর..