Logo
| বঙ্গাব্দ

ধর্ষিতা পরিবারকে হুমকি নয়, পাশে দাঁড়ানোর আহ্বান রুমা জোন কমান্ডারের

  • আপডেট টাইম : 28-08-2025 ইং
  • 500183 বার পঠিত
ধর্ষিতা পরিবারকে হুমকি নয়, পাশে দাঁড়ানোর আহ্বান রুমা জোন কমান্ডারের
রিপোর্টারঃ N/A

মো. লোকমান হাকিম, রুমা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান রুমায় সম্প্রতি ঘটে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেওয়া বা সামাজিকভাবে একঘরে করা যাবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন রুমা গ্যারিশনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন, পিএসসি, অধিনায়ক ৩৬ বীর।


গত বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় রুমার পাইন্দু হেডম্যানপাড়া বাজার সেডে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


সভায় উপস্থিত ছিলেন রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহওয়ার্দী, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, মৌজা হেডম্যান মংচউ মার্মা, পাইন্দু পাড়ার কারবারি থোয়াইসা মার্মা, ১নং ওয়ার্ডের মেম্বার মংছো মার্মা, ২নং ওয়ার্ডের মেম্বার গংবাসে মার্মা সহ স্থানীয় জনসাধারণ।


সভায় প্রধান অতিথি বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের সহযোগিতার জন্য কোনোভাবেই পাড়াবাসীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড অপরাধীদের রক্ষার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। যারা এ কাজে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”


তিনি আরও বলেন, “ধর্ষণের শিকার ভুক্তভোগী পরিবারের পাশে সবাইকে দাঁড়াতে হবে। তাদের সহযোগিতা করতে হবে, যাতে তারা নতুন করে বাঁচার শক্তি পায়। ভয়ের কোনো কারণ নেই—আমরা তাদের পাশে আছি।”


পরে জোন কমান্ডার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের মনোবল জোরদার করতে নিজ হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন। একই সঙ্গে নির্ভয়ে বসবাসের আশ্বাস দেন তিনি।


প্রসঙ্গত, সম্প্রতি রুমার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। এ মামলায় সেনাবাহিনীর সহযোগিতায় রুমা থানা পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। পলাতক দুই আসামি বৃহস্পতিবার (২৮ আগস্ট) বান্দরবান জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করেছে।


এদিকে, আটককৃত আসামিদের পক্ষ নিয়ে গত ২৪ আগস্ট রাতে সামাজিক সালিশের নামে পাড়াবাসীর কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা তোলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলে রুমা জোন কর্তৃপক্ষ মতবিনিময় সভার আয়োজন করে এবং আদায় করা টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


সভা শেষে জোন কমান্ডার স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়