খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
গুম, হত্যার বিচার, মুসলিম নারীদের উপর নির্যাতনের প্রতিকার এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।
বুধবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট শহিদ আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনা, গাজীপুরে এক মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং দেশের বিভিন্ন স্থানে মুসলিম মেয়েদের ওপর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনাগুলোর পেছনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” এর সংশ্লিষ্টতা রয়েছে। এসব ঘটনার দ্রুত বিচার ও ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আমীর মাওলানা ক্বারী ওসমান গনি। এতে সঞ্চালনা করেন জেলা হেফাজতের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন।
বক্তারা বলেন, “ইসকন একটি উগ্রবাদী ও ধর্মবিদ্বেষী সংগঠন, যা দেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কর্মকাণ্ড কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।”
তারা আরও বলেন, “মুসলিম প্রধান এই দেশে উগ্র হিন্দুত্ববাদী কোনো সংগঠনের স্থান নেই। সরকার যদি অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করে, তবে সারা দেশে ইসকনবিরোধী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।"
শেষে বক্তারা শহিদ আলিফ হত্যাসহ সব ধর্মীয় নিপীড়নের ঘটনার দ্রুত বিচার এবং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. জামালুল হাসান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজি।
এছাড়া দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙা ও অন্যান্য উপজেলার শীর্ষ আলেম-উলামা ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |