খাগড়াছড়ি লক্ষীছড়িতে রমজান মাসের পবিত্রতা ও সহমর্মিতার মূল্যবোধ কে ধারণ করে উপজেলার ডিপি পাড়া গ্রামের 'ফ্রেন্ডস জোন ও প্রবাসী সাংসদ' সমাজিক ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও দুস্হ ও অসহায় পরিবারের মাঝে একমাসের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করেছে।
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকার থেকে সংগঠনটি ২০১৭ ইং প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচীর মাধমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ ইকবাল হোসেন, সভাপতি হাফেজ মোঃ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (রুবেল), অর্থ সম্পাদক হাফেজ মোঃ নরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক মোঃ হোসেন'সহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
এ সময় সভাপতির বক্তব্যে হাফেজ আবু বক্কর সিদ্দিক বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সাংসদ সবসময় মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘবছর ধরে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতি জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় প্রতি বছর, আরও জানান সংগঠনের এসব বিভিন্ন কর্মসূচীতে অর্থের সবচেয়ে বড় যোগান দেন আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা।
উল্লেখ্য, ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী সাংসদ সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন। এটি ১০ ফেব্রুয়ারী ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনের দায়িত্বে প্রবাসী'সহ মোট ৮০ জনের অধিক সদস্য রয়েছেন, যারা সম্পূর্ণ বিনামূল্যে ও নিজ উদ্যোগে তাদের বিভিন্ন কর্মসূচি এবং দায়িত্ব পালন করে থাকেন।
এলাকাবাসী সংগঠনটির এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..