মেহেরাজ হোসেন সুজন
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নানিয়ারচর থানা সংলগ্ন মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। এই মনোমুগ্ধকর ডিসপ্লেতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে তুলে ধরেন।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিমুল এহসান খান। অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের এই আয়োজন নানিয়ারচরবাসীর মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সুসংহত করেছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |