নিজস্ব প্রতিবেদক
সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে তথাকথিত “আদিবাসী” শব্দ ব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটির মুখপাত্র পাইশিখই মারমা এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। এই প্রেক্ষাপটে সংবিধানের চেতনার পরিপন্থী এবং বিভাজন সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন।
সিএইচটি সম্প্রীতি জোটের দাবি, সাম্প্রতিক সময়ে একটি মহল পরিকল্পিতভাবে “আদিবাসী” শব্দ ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর পরিচয় ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে, যা বিভ্রান্তিকর এবং রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য থাকলেও তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়ের অংশ। এ পরিচয়কে ভিন্নভাবে উপস্থাপন জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে।
তাদের অভিযোগ, কিছু আন্তর্জাতিক ও স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে এ শব্দ ব্যবহার করে দেশের অভ্যন্তরীণ বিষয়কে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়। সংগঠনটি এ ধরনের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বিভাজনমূলক বক্তব্য পরিহার করা জরুরি। দায়িত্বশীল সকল মহলকে সংবিধানসম্মত অবস্থান বজায় রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিশেষে সিএইচটি সম্প্রীতি জোট দেশের সার্বভৌমত্ব, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
এ জাতীয় আরো খবর..