খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধিঃ তারুণ্যের হাত ধরে গতি ও স্রোতের জয়গান গাইলো খাগড়াছড়ি। ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়াম যেন সোমবার বিকেলে রূপ নিয়েছিলো এক উজ্জ্বল সম্ভাবনার মঞ্চে—যেখানে কেবল সনদ বিতরণ নয়, ছিলো ভবিষ্যতের ক্রীড়া তারকাদের আত্মপ্রকাশের উচ্ছ্বাস।
জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে আয়োজিত অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণ (অ-১৪) এর সমাপ্তি ঘোষণা করা হয় এ দিন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে ক্রীড়াবিদরা অংশ নেন, যারা আগামী দিনের খেলাধুলার মাঠে দেশের প্রতিনিধিত্ব করতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও যুব-ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম, যিনি তার বক্তব্যে বলেন, "খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি একটি চরিত্র গঠনের প্রক্রিয়া। এই শিশু-কিশোররাই আগামী দিনে খাগড়াছড়ির মুখ উজ্জ্বল করবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে।"
অনুষ্ঠানজুড়ে ছিল প্রশিক্ষণার্থীদের চোখেমুখে প্রত্যাশা ও অর্জনের এক অপার আনন্দ। অনেকের জন্যই এটি ছিল প্রথম সনদ—আত্মবিশ্বাসের প্রথম ধাপ। অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
এই আয়োজনের ভেতর দিয়ে খাগড়াছড়ি আবারও প্রমাণ করলো—পাহাড়ের বুকেও তারুণ্য যেমন অদম্য, তেমনি ক্রীড়ার মঞ্চেও তাদের জেদ ও যাত্রা থেমে থাকে না।
অনুষ্ঠান শেষে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য নজরুল ইসলাম, জ্যোতিষ বসু ত্রিপুরা, মাদল বডুয়া, আনিসুল আলম আনিকসহ জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও ক্রীড়াবিদরা ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |