হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি রাজস্থলী শাখার উদ্যোগে আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রাজস্থলী তাইতাং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে।বিদ্যালয়টি বিভিন্ন ইভেন্টে প্রায় ৩০টি পুরস্কার জিতে উপজেলা পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ উল্লাহ'র দক্ষ নেতৃত্বে এবং শিক্ষক- শিক্ষিকাদের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা সাঁতার, ফুটবল, কাবাডি এবং দাবাসহ বিভিন্ন খেলায় তাদের প্রতিভা প্রদর্শন করেছে। বিশেষ করে সাঁতার প্রতিযোগিতায় তাইতাং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একচেটিয়া সাফল্য লাভ করে। একক ইভেন্টে তারা ১২টি প্রথম স্থান, ১২টি দ্বিতীয় স্থান এবং ৬টি তৃতীয় স্থানসহ মোট ৩০টি পুরস্কার অর্জন করে। এটি বিদ্যালয়ের ক্রীড়া ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এছাড়া দলগত ইভেন্টেও বিদ্যালয়টি অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে। বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যা তাদের কঠোর অনুশীলন এবং দলগত সংহতির ফল। বালক ও বালিকা উভয় কাবাডি দলেই চ্যাম্পিয়ন হয়ে তাইতাং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় তাদের ক্রীড়া দক্ষতার প্রমাণ দিয়েছে। দাবা বড় গ্রুপে রানার্স আপ হয়ে শিক্ষার্থীরা তাদের বুদ্ধিমত্তা ও কৌশলগত চিন্তাভাবনার পরিচয় দিয়েছে।
এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ উল্লাহ বলেন, আমি এই বিদ্যালয়ে দায়িত্ব পাওয়ার পর থেকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ছাত্রছাত্রীদের মনোযোগী করার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি, সুষম বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি সম্ভব হয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে।
প্রধান শিক্ষক ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বড় সাফল্য অর্জনের আশা প্রকাশ করে বলেন, আমরা আগামীতেও শিক্ষার্থীদের জন্য খেলাধুলায় আরও ভালো সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর। আশা করি ভবিষ্যতে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি সফলতা অর্জন করতে পারবে এবং জাতীয় পর্যায়েও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে।
উল্লেখ যে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কারের ফলাফল প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |