এম সুজন, নানিয়ারচর
“সকল নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা এবং সুইডেন সরকারের অর্থায়নে পরিচালিত ক্রিয়া প্রকল্পের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নানিয়ারচরে ১৬তম অ্যাক্টিভিজম ডে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের পশ্চিম দেওয়ান পাড়া এলাকায় ২৫ নভেম্বর মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
স্থানীয় এলাকাবাসী, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, নারী, এলাকার কার্বারীসহ প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকা প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, প্রকল্প কর্মকর্তা সুবিন্দু চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর নিভা চাকমাসহ আশিকার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে নারী ও কন্যাশিশুর প্রতি অনলাইন সহিংসতা দিন দিন বাড়ছে। এই সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ডিজিটাল নিরাপত্তা, নারীর আত্মরক্ষা, সাইবার আইন সম্পর্কে সচেতনতা এবং অনলাইন প্ল্যাটফর্মে নিরাপদ আচরণ গড়ে তোলার ওপর জোর দেন।
বক্তারা আরও বলেন, সমাজে নারী জেলেদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের সম্মান, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণকে সচেতন করে, ডিজিটাল নিরাপত্তা জোরদার করে এবং নারী ও শিশু সুরক্ষার বিষয়ে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক এ কার্যক্রম কমিউনিটিতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |