আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোটকে সামনে রেখে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম চুশাকপাড়া গ্রামে স্থানীয় মারমা জনগোষ্ঠীর জন্য তাদের নিজস্ব ভাষায় নির্বাচনী আচরণবিধি, পোস্টাল ব্যালট এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। দুর্গম এলাকার সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনের বার্তা পৌঁছে দিতে এবং ভোটের প্রক্রিয়াকে আরও সহজবোধ্য করতে পুরো কার্যক্রমটি মারমা ভাষায় উপস্থাপন করা হয়।
সমাবেশে উপস্থিত গ্রামবাসী ও স্থানীয় কারবারিদের উদ্দেশ্যে ইউএনও সেলিনা আক্তার বলেন, "প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচনী আইন সম্পর্কে সচেতন করা প্রশাসনের দায়িত্ব। ভাষা যেন সচেতনতার পথে বাধা না হয়, সেজন্যই আমরা মারমা ভাষায় এই সভার আয়োজন করেছি।"
সভায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার নিয়মাবলী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সাজা এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে স্থানীয় ভাষায় বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়। গ্রামের কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ এই সভায় অংশ নেন।
নিজ ভাষায় নির্বাচনী নিয়মকানুন জানতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন চুশাকপাড়ার বাসিন্দারা। তারা জানান, অনেক সময় দাপ্তরিক ভাষা জটিল হওয়ার কারণে তারা অনেক নিয়ম বুঝতে পারেন না, তবে এ ধরনের উদ্যোগের ফলে এখন তারা নির্ভয়ে ও সচেতনভাবে ভোট দিতে পারবেন।
এ জাতীয় আরো খবর..