হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় দিনব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ ভ্রাম্যমাণ ইউনিট ‘ভোটের গাড়ি’।
শনিবার (৭ ফেব্রুয়ারী) উপজেলার সদর এলাকা থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণাকালে রাজস্থলী বাজার, ঘিলাছড়ি ইউনিয়ন, গাইন্দ্যা ইউনিয়ন এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্রধান প্রধান মোড়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্মিত সচেতনতামূলক ভিডিও এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব ভিডিওচিত্রের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন পদ্ধতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
এই কর্মসূচির অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ‘জনমত বক্স’। প্রচারণা চলাকালীন সাধারণ মানুষ দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে তাদের মতামত ও বিভিন্ন পরামর্শ সংবলিত চিঠি এই বক্সে জমা দেন। সংগৃহীত এই চিঠিগুলো সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, ডিজিটাল স্ক্রিনে নির্বাচনের তথ্যচিত্র প্রদর্শন এবং সরাসরি মতামত দেওয়ার সুযোগ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে নির্বাচনের বার্তা পৌঁছে দিতে এই 'ভোটের গাড়ি' কার্যকর ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করতেই দেশব্যাপী এই বিশেষ প্রচারণার আয়োজন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..