রুমা প্রতিনিধি
বান্দরবানের রুমায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক থাকা দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তারা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. ইমরান আবেদীন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী দুই আসামি হলেন— চহাই মার্মা ও ক্যওয়াই সাই মার্মা। এর আগে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে মামলার আরও তিন আসামিকে পুলিশ গ্রেফতার করেছিল। ফলে এজাহারভুক্ত পাঁচজন আসামিই এখন কারাগারে রয়েছে।
উল্লেখ্য, চলতি আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। পরে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীটি। ঘটনার পর স্থানীয় প্রভাবশালী কারবারী, হেডম্যান ও কিছু জনপ্রতিনিধি মিলে পাড়ায় সালিসি করে ধর্ষকদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এ সময় ভুক্তভোগীকেও ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। বিভিন্ন মহল ধর্ষক ও সালিস আয়োজনকারীদের গ্রেফতারের দাবি তোলে। পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও দু’জন পালিয়ে যায়। অবশেষে আদালতে আত্মসমর্পণের মাধ্যমে তারাও এখন আইনের আওতায়।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ধর্ষণ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা সালিসি আয়োজকদের এখনো আইনের মুখোমুখি করা হয়নি। তারা দ্রুত বিচারের আওতায় আসবে— এমন প্রত্যাশা স্থানীয়দের।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |