লক্ষীছড়িতে সেনা জোনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দুইল্যাতলি আর্মি ক্যাম্প মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে তুল্যাপাড়া ক্লাব এবং দেওয়ান পাড়া দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১ - ০ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে তুল্যাপাড়া ক্লাব।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২২'টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এই টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক। এছাড়াও বিভিন্ন জোনের কমান্ডার, জেলা পরিষদ সদস্য এনিময় চাকমা, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলান চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলের সকলের মাঝে অসাম্প্রদায়িক চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য এবং এখানে বসবাসরত পাহাড়ী-বাঙালি জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মাঝে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খেলাধুলার সমকক্ষ আর কিছু হতে পারে না। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে লক্ষীছড়ি জোন কর্তৃক আয়োজিত ‘‘সম্প্রীতি পুরুষ ফুটবল টুর্নামেন্ট–২০২৬” অনন্য ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এছাড়াও রিজিয়ন কমান্ডার মহোদয় ভবিষ্যতে লক্ষীছড়ি, মাটিরাঙ্গা এবং সিন্দুকছড়ি জোনের বিভিন্ন টিম এর সংশ্লিষ্টতায় রিজিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
লক্ষীছড়ি উপজেলার এলাকাবাসী এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের ভূয়সী প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ জাতীয় আরো খবর..