পাহাড়ি জেলা রাঙামাটি শহরে জ্বালানি তেলের তীব্র সংকট দিন দিন প্রকট আকার ধারণ করেছে। শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি স্টেশনে সরবরাহ চালু থাকায় সাধারণ মানুষ, কৃষক ও পর্যটকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
আজ শনিবার (২৮ মার্চ) শহরের মেসার্স মহসিন ফিলিং স্টেশনে অকটেন সংগ্রহ করতে গিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন দেখা যায়। সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পাচ্ছেন না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল টিমও সরবরাহ কার্যক্রম তদারকি করছে।জেলা শহরে সীমিত আকারে সরবরাহ থাকলেও উপজেলার খুচরা বিক্রয় কেন্দ্র গুলোতে জ্বালানি প্রায় অপ্রাপ্য হয়ে পড়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। বোরো ধানের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় তারা চরম উদ্বেগে রয়েছেন। অনেক এলাকায় জ্বালানি সংকটের কারণে খাবার পানির সংকটও তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সীমা চাকমা বলেন, তাদের এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে পানি তুলতে হয়। কিন্তু তেলের অভাবে পানি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি মাত্র ৫০০ টাকার তেল পেয়েছেন বলে জানান।
একই অবস্থা পর্যটকদের ক্ষেত্রেও। ঢাকার বাসিন্দা মো. তামিম হোসেন ব্যক্তিগত গাড়ি নিয়ে রাঙামাটিতে এসে বিপাকে পড়েছেন। তিনি জানান, একাধিক ফিলিং স্টেশন ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত সীমিত পরিমাণ জ্বালানি পেয়েছেন, যা দিয়ে ঢাকায় ফেরা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
এ জাতীয় আরো খবর..