হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার শ্মশান থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকের জন্য এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দিবে উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ এপ্রিল) রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজস্থলী উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি সেলিনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, শ্মশানে পাওয়া সেই নবজাতক শিশুটির বৈধ অভিভাবক না থাকায় শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় শিশুটিকে পরিবার ও সমাজ জীবনে পুনর্বাসনের লক্ষ্যে শিশু আইন ২০২৩, ধারা ৮৪ এর (৩) উপধারা (২) এর বিধান ও ধারা ৮৯) খ) সবিধাবঞ্চিত শিশু আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু অনুযায়ী শিশুটির তত্ত্বাবধানকারী বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে শিশুটির বিকল্প পরিচর্যাকারী হতে আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে দম্পতির পুর্নাঙ্গ ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং জীবনবৃত্তান্তসহ স্বচ্ছলতা প্রত্যয়নপত্র নিয়ে আবেদনপত্র দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ যে, নবজাতককে উদ্ধারের পর থেকে পুরো উপজেলায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, আগামী ২১ এপ্রিল পর্যন্ত শিশুটির বিকল্প পরিচর্যাকারী হিসেবে আমরা আগ্রহী দম্পতিদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছি। পরবর্তীতে আবেদনকারীদের সবকিছু যাচাই বাছাই করে শিশুটিকে সঠিকভাবে লালন-পালন এবং ভরণপোষণ করতে পারেন এমন কাউকেই শিশু আইন মোতাবেক আমরা বিকল্প পরিচর্যাকারী হিসেবে নিয়োগ দেবো।
এ জাতীয় আরো খবর..