হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্ধুদের সাথে কাপ্তাই খালে খেলতে নেমে পানিতে ডুবে মুহাম্মদ হাবিবুর রহমান (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হাজ্বিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ওই এলাকার বাসিন্দা ও চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জুতা কারখানার শ্রমিক মো. নাজের এবং সুমি আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান। সে স্থানীয় রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়িতে ফিরে কাপ্তাই খালে গোসল করতে নামে হাবিবুর। সেসময় তার দাদী খালের পাশেই অন্য কাজে ব্যস্ত ছিলেন। বন্ধুদের সাথে খেলার ছলে হঠাৎ সে গভীর পানিতে তলিয়ে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত ঘোষ জানান, দুপুর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির বাবা মো. নাজের সীতাকুণ্ড থেকে ছুটি কাটাতে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যেই তিনি আদরের সন্তানের অকাল মৃত্যুর খবর পান। বাড়িতে পৌঁছানোর আগেই সন্তানের নিথর দেহ পড়ে থাকার খবরে পরিবারটিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।
এ জাতীয় আরো খবর..