খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি
“ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও উদযাপিত হয়েছে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫।
সোমবার (২০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রঙিন ও উৎসবমুখর র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াসাদ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. অর্ণব চাকমা ও বিসিকের উপ-ব্যবস্থাপক মো. আলী আল রাজী।
সভায় বক্তারা বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সঠিক ও নির্ভুল পরিসংখ্যান তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই।”
এ সময় তারা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের মানোন্নয়ন, তথ্য বিশ্লেষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিশ্বায়নের যুগে তথ্যই শক্তি আর সঠিক পরিসংখ্যানই উন্নয়নের মূল চালিকা শক্তি। তাই সবাইকে পরিসংখ্যানভিত্তিক তথ্য প্রদানে আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |