খাগড়াছড়িতে অবৈধভাবে আসা ১২ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন।
আজ বুধবার বিকাল ৫ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন ৩২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন।
বিজিবি সূত্রে জানা যায়, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধীনস্থ বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৫৯/৬-আরবি এলাকা দিয়ে ভারতীয় অবৈধ গরু প্রবেশ করানো হবে। বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোহাম্মদ নুরুল আবছার এর নেতৃত্বে মাটিরাঙ্গা উপজেলাস্থ ১নং তাইন্দং ইউনিয়নের কলাবাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা।
আটককৃত ভারতীয় গরুগুলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, খাগড়াছড়ি ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..