পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধি, শারীরিক-মানসিক বিকাশ এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে পুলিশ লাইন্স মাঠে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে ফুটবল ম্যাচে জেলা পুলিশ সদস্যদের দু'টি দল অংশগ্রহণ করেন। ‘বিবাহিত’ ও ‘অবিবাহিত’ এই দুই দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাঠজুড়ে খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াশৈলী এবং দর্শকদের প্রাণবন্ত করতালিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ‘অবিবাহিত’ দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পৌর প্রশাসক জনাব হাছান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা ক্রীড়া অফিসার জনাব হারুন-অর-রশিদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ।
খেলা উপভোগ শেষে পুলিশ সুপার মহোদয় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ধরণের ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন পুলিশ সদস্যদের মাঝে সম্প্রীতি ও সংহতির মেলবন্ধন আরও দৃঢ় করবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা যোগাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ জাতীয় আরো খবর..