ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামসেদুল ইসলাম, রাঙামাটি জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা তারুণ কুমার চাকমা, উপজেলা নির্বাচন অফিসের অজয় চক্রবর্তী এবং বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা মংফোছা মারমা।
কর্মশালাটি আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতে বাস্তবায়নে সহযোগিতা করে সিনিয়র জেলা নির্বাচন অফিস রাঙামাটি ও উপজেলা নির্বাচন অফিস নানিয়ারচর।
প্রশিক্ষণে মোট ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৬৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালন, ভোট গ্রহণের ধাপসমূহ, আইনগত বিধান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আইন ও বিধি মেনে দায়িত্ব পালন করলেই একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
তিনি বলেন, এই নির্বাচনকে সর্বোচ্চ মানের করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে।
এ জাতীয় আরো খবর..